Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি ইএসডিএম বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবি ইএসডিএম বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিদায় সংবর্ধনা
Published: 13 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্র্থীদের গ্র্যাজুয়েশন পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষাজীবন শেষ হলেও এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক আজীবন থাকবে। পেশাগত জীবনে যেখানেই যাওনা কেন এ প্রতিষ্ঠানের উন্নয়নে একজন অ্যাম্বাসেডর হিসেবে তোমরা কাজ করবে এবং তোমাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ’ যুগোপযোগী একটি সাবজেক্ট। উপকূলীয় অঞ্চল হিসেবে নানা ধরনের প্রকৃতিক দুর্যোগ এখানকার মানুষকে মোকাবিলা করতে হয়। সুতরাং বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা পেশাগত জীবনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বক্তব্যে উপাচার্য বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যে ঝুঁকিসমূহ তৈরি হয়েছে তা প্রশমনে একাডেমিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সরকারকে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাাপক ড. জয়ন্ত কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

 

                   (স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
        মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪