Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে ওবিই কোয়েশ্চেনিং এন্ড স্মার্ট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ওবিই কোয়েশ্চেনিং এন্ড স্মার্ট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ওবিই কোয়েশ্চেনিং এন্ড স্মার্ট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রশিক্ষণ
Published: 17 Nov 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘ওবিই কোয়েশ্চেনিং এন্ড স্মার্ট অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমাদের এখন ওবিই ( Outcome-Based Education) কারিকুলাম বাস্তবায়নের সময় এসেছে। আমরা আগামী শিক্ষাবর্ষ থেকেই এ কার্যক্রম শুরু করতে চাই। এ লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক যেন ওবিই কারিকুলাম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন এবং যথাযথভাবে তা বাস্তবায়নে সক্ষম হন, সে জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ এখনো ওবিই কারিকুলামের আওতায় আসেনি, তাদের শিঘ্রই এ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি প্রচলিত পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর, আধুনিক ও যুগোপযোগী করতে নতুন কী কী পদ্ধতি সংযোজন করা যায়, সে বিষয়েও আমাদের অনুসন্ধান ও প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। এ সময় প্রশিক্ষণের মাধ্যমে ওবিই কারিকুলাম তৈরি, প্রশ্ন প্রণয়ন ও স্মার্ট অ্যাসেসমেন্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকবৃন্দ  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. শিবলুর রহমান ও প্রোগ্রাম মডারেটর ছিলেন অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায়  বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
 
 
                   (স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
        মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪