Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে আইসিই বিভাগের ৯ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

নোবিপ্রবিতে আইসিই বিভাগের ৯ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

ফেয়ারওয়েল
Published: 05 Nov 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) আইসিই বিভাগের আয়োজনে নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মত আধুনিক ও প্রায়োগিক একটি বিষয়ে তোমরা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছো। যে স্বপ্ন নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলে তা পূরণ হোক এ প্রত্যাশা করি। ভবিষ্যতে যে যেখানেই থাকো এ বিশ^বিদ্যালয়ের একজন এম্বাসেডর হিসেবে তোমরা কাজ করবে এবং বিশ^বিদ্যালয়ের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি করবে। বিশ্ববিদ্যালয় জীবনের এই সময়টাকে তোমাদের জীবনের একটি শ্রেষ্ঠ অধ্যায় হিসেবে তোমরা মনে রাখবে এবং এখান থেকে অর্জিত একাডেমিক জ্ঞানকে কাজে লাগিয়ে পেশাগত ক্ষেত্রে সফলতা অর্জন করবে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৩য় সমাবর্তন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই এতে অংশগ্রহণ করবে এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে। এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও সামাজিক জীবন নীতি-নৈতিকতার মাধ্যমে পরিচালিত করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিদায়ী স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


               (স্বাক্ষরিত)
     রায়হান কায়সার হাশেম
         সহকারী রেজিস্ট্রার
    জনসংযোগ ও প্রকাশনা দপ্তর