Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে স্বেচ্ছাসেবী সংগঠন এনএসটিইউ শাইন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নোবিপ্রবিতে স্বেচ্ছাসেবী সংগঠন এনএসটিইউ শাইন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনএসটিইউ শাইন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী
Published: 01 Oct 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনএসটিইউ স্পেশাল হেল্প এন্ড ইনক্লুসিভ নেটওয়ার্ক ফর এডুকেশন’ (NSTU SHINE) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবি ভিডিও কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অন্য সবার মতোই স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ পাবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য তখনই অর্জিত হয়, যখন সেখানে প্রত্যেকের মর্যাদা, নিরাপত্তা, সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়। গত তিন বছরে এ সংগঠনটি প্রতিবন্ধী শিক্ষার্থী ও পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, সামাজিক মেলবন্ধন এবং আত্মউন্নয়নে যে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে, তা প্রশংসার দাবি রাখে। উপাচার্য আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন কোনো শিক্ষার্থীকে সহানুভূতির চোখে নয়, বরং সমমর্যাদা ও অধিকারসম্পন্ন একজন শিক্ষার্থী হিসেবে দেখতে হবে। বক্তব্যে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবিকে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়ান আসিফ ও  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাসনীম আলমসহ বিশ^বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো, সমস্যার সমাধানভিত্তিক সচেতনতামূলক প্রতিযোগিতা ‘সমতার পথে’। এ সময় প্রতিযোগিতায় ৩টি প্রশ্নের সেরা সমাধান দেওয়া তিনজনের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।



                       (স্বাক্ষরিত)
                 ইফতেখার হোসাইন
    সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
              মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪