Press Release
নোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই): ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং ফর টারশিয়ারি লেভেল স্টুডেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ল্যাব কক্ষে নোবিপ্রবি ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভাপতির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান দেওয়া নয়, শিক্ষার্থীদের পরিবর্তিত বিশ্বের জন্য প্রস্তুত করাও বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব। শিক্ষার্থীদের এআই প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যা সমাধানে তা কাজে লাগানোর সক্ষমতা অর্জন করতে হবে। উপাচার্য আরও বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে তাদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার ধরণও বদলাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে ব্যবধান কমাতে বিশ্ববিদ্যালয় পর্যায়েই এআইসহ উদীয়মান প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে এসব প্রযুক্তির নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর হেড অব প্রোগ্রাাম ম্যানেজমেন্ট সাম্স উল আরেফিন খান, নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুন নবী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এটুআইয়ের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, এজেন্সি টু ইনোভেটের কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটুআইয়ের ফিউচার অব ওয়ার্ক টিম লিড সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল।
উল্লেখ্য, প্রশিক্ষণে এআই, মেশিন লার্নিং ও জেনারেটিভ এআইয়ের মৌলিক ধারণার পাশাপাশি বিভিন্ন এআই টুল ব্যবহার হাতে কলমে অনুশীলন করানো হয়। শিক্ষার্থীরা কার্যকর প্রম্পট লেখা, জীবনবৃত্তান্ত ও কভার লেটার তৈরি, চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, গবেষণা ও একাডেমিক লেখালেখি, তথ্য যাচাই, প্রেজেন্টেশন তৈরি এবং ‘ভাইব কোডিং’ সম্পর্কে ধারণা নেন। এ ছাড়া এআইয়ের নৈতিক ও নিরাপদ ব্যবহার, সম্ভাব্য পক্ষপাত ও সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণে এআই টুলে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য না দেওয়া এবং এআই থেকে পাওয়া তথ্য ব্যবহারের আগে যাচাই করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও শ্রমবাজারের পরিবর্তনশীল দক্ষতা চাহিদার মধ্যে ব্যবধান কমিয়ে এআইসহ উদীয়মান প্রযুক্তি ব্যবহারে তরুণদের সক্ষম করে তোলাই এ প্রশিক্ষণের লক্ষ্য। প্রশিক্ষণে নোবিপ্রবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের চারটি ব্যাচ অংশগ্রহণ করে।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪