Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে স্নাতক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে স্নাতক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

স্নাতক শিক্ষার্থীদের নবীন বরণ
Published: 16 Sep 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. শাহজাহান (এমপি)। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে বলেন, দীর্ঘদিনের অধ্যাবসায়, ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে তোমরা এখানে আসার সুযোগ পেয়েছো। বিশ^বিদ্যালয় তোমাদের শুধু ডিগ্রি প্রদান করবে না, এখানে তোমরা শিখবে কিভাবে ভিন্নমতকে সম্মান জানাতে হয় এবং দেশের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে ভূমিকা রাখতে হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে। যার বাস্তব প্রয়োগ আমরা এবারের বাজেটে দেখেছি। তোমরা জ্ঞান এবং সৃজনশীলতা দিয়ে বাংলাদেশকে আলোকিত করবে, যেনো তোমাদের দ্যুতি সারাবিশে^ ছড়িয়ে পড়ে। 

গেস্ট অব অনারের বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান (এমপি) বলেন, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। যিনি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এ সময় সংসদ সদস্য আরও বলেন, আমরা এ অঞ্চলে সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট গড়ে তুলবো যেখানে এমন সব গবেষক তৈরী হবে যারা সমুদ্রের অবারিত সম্পদকে আবিষ্কারের পাশাপাশি আহরণের পথ দেখিয়ে দেবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, অনেক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তোমরা যারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি অগ্রসরমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ তাদের আন্তরিক অভিনন্দন। নোবিপ্রবি বর্তমানে র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে এবং গবেষণায় এগিয়ে যাচ্ছে। যা নবীন শিক্ষার্থীদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নোবিপ্রবিকে আরও সমৃদ্ধ করে তুলবে এটাই আমাদের প্রত্যাশা। উপাচার্য আরও বলেন, নোবিপ্রবিতে বর্তমানে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেশকিছু অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। একাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। পাঁচটি আবাসিক হলে ওয়াই-ফাই সংযোগের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো বিশ্ববিদ্যালয়কে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন সংকট মোকাবিলায় ইতোমধ্যে বেশ কিছু বাস সংযোজন করা হয়েছে এবং আরও কিছু বাস যুক্ত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন ৪টি হল নির্মাণের জন্য কাজ এগিয়ে নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক জনাব মো. হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহিনুজ্জামান, আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব ইসহাক খন্দকার। নবীন বরণে অন্যান্যের মাঝে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

             ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
           মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪