Press Release
নোবিপ্রবি ফিমস্ বিভাগে স্পোর্টস উইকের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পুরস্কার বিতরণী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস্) বিভাগের আয়োজনে স্পোর্টস উইক-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আজকে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের এ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুধু শেণিকক্ষ, পরীক্ষা কিংবা গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়। এ সময় উপাচার্য দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও গবেষণায় ফিমস বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪