Press Release
নোবিপ্রবি ইইই বিভাগের ৫ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিদায় সংবর্ধনা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্র্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে আজকের এ অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত। ইইই বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এছাড়াও তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছো তাদের জন্য ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজির পাশাপাশি চায়না ভাষা শিক্ষার ওপর তোমাদের গুরুত্ব দেয়া উচিত। কেননা তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন ভবিষ্যত ক্যারিয়ার ও আন্তর্জাতিক পরিসরে কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা তৈরি করবে। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নোবিপ্রবিতে একটি আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন।
ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪