Press Release

Back to All Press Releases
নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণের উদ্বোধন

নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণের উদ্বোধন

ফার্স্ট এইড প্রশিক্ষণ
Published: 20 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের আয়োজনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি এমন যুগোপযোগী একটি বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করায়। কারণ যে কোনো স্থানে দুর্ঘটনা বা জরুরী মেডিকেল ইমার্জেন্সি দেখা দিলে প্রাথমিক চিকিৎসা রোগীর জীবন বাঁচাতে পারে। সেক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা গেলে তা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। আশা করছি আজকের এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনারা প্রায়োগিক ক্ষেত্রে কাজে লাগাবেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও নোবিপ্রবি চিফ মেডিকেল অফিসার (অ্যাডমিন) অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন। ফার্স্ট এইড প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেছে নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালী ব্লাড ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।


                    (স্বাক্ষরিত)
             ইফতেখার হোসাইন
 সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
           মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪