Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি এমআইএস বিভাগের ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবি এমআইএস বিভাগের ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিদায় সংবর্ধনা
Published: 18 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (এমআইএস) বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, এখানে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে তোমরা যেনো পেশাগত জীবনে ভালো করো এ প্রত্যাশা করছি। বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি কখনোই ভোলার নয়, সুতরাং আমাদের যে এ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে বছরে যেনো অন্তত একটি অনুষ্ঠান তারা আয়োজন করে এ্যালামনাইদের নিয়ে। আজ যারা গ্র্যাজুয়েট হয়েছো তোমাদের এই অভিজ্ঞতা ও জ্ঞানকে পেশাগত ক্ষেত্রে ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগাতে হবে। একটি যুগোপযোগী ও আধুনিক বিষয়ে তোমরা ডিগ্রি অর্জন করেছো, সুতরাং এই সেক্টরে তোমাদের অবদান রাখতে হবে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, তোমরা এ বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। যেখানেই থাকো নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং শৃঙ্খলা মেনে চলবে, যেনো এ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন থাকে। তোমাদের ভবিষ্যত জীবন সুন্দর ও আনন্দময় হোক এ আশাবাদ ব্যক্ত করছি।

এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

                    (স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
        মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪