Press Release

Back to All Press Releases
জাবিপ্রবি আয়োজিত জাতীয় সেমিনারে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহন

জাবিপ্রবি আয়োজিত জাতীয় সেমিনারে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহন

সেমিনার
Published: 09 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ রোববার (৯ আগস্ট ২০২৬) জাবিপ্রবি সমাজকর্ম বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে Local Action, Global Goals: ESDO Experience through Professional Social শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সমাজে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ের বাস্তবতা, মানুষের প্রয়োজন ও সমস্যাকে বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো কেবল নীতিনির্ধারণী পর্যায়ে সীমাবদ্ধ না রেখে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা প্রয়োজন। উপাচার্য আরও বলেন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের গবেষণালব্ধ জ্ঞানকে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করা হলে সমাজের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান বের করে আনা সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা মানবিক মূল্যবোধ ও পেশাগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজকাঠামো গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমীর হোসেন। কি-নোট স্পিকার ছিলেন ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এর ফাউন্ডার ও নির্বাহী পরিচালক ড. মো. শহিদুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী। সেমিনারে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।